ফ্ল্যাটের পাড়া
মাথুর দাস
পাশাপাশি ঘর গা-ঘেঁষাঘেঁষি কোথাও বা ছাড়া-ছাড়া,
এখানে সেখানে এভাবেই কত জমাট ছিল যে পাড়া !
ভাবসাব ছিল বিস্তর আবার কখনও ঝগড়াঝাঁটি,
হোক না ক্ষণিক তাও তো ছিল সম্পর্ক পরিপাটি ।
বিপদ আপদে উৎসব আচারে আচরণ ছিল বেশ,
কালের নিয়মে স্বার্থের কাছে সৌহার্দ্য হারালো রেশ ;
এখন পাড়ায় কে কাকে হারায় এমনই জেদাজেদি,
ঝগড়াঝাঁটিতে হাজারো পার্টিতে বেড়েছে ভেদাভেদই ।
বিস্তীর্ণ মাঠ হয়ে আঁটসাঁট উঠেছে উপরে উপর-ই,
পাড়াগুলি সব গুটিসুটি মেরে বহুতল ফ্ল্যাট-খুপরি ;
পাশাপাশি বাসে কলহেই যারা জীবন কাটালো মিছে,
ফ্ল্যাটে এসে ভাবো কী করে তারা থাকবে উপরে-নীচে ?
খোলা হাওয়াটুকু ঘোলা মেরে থাকে মাপা বাক্সের খাপে,
চাপা হাসি ঠোঁটে শুকনোই ফোটে স্কোয়্যার-ফুটের মাপে ;
হিংসা ও দ্বেষে মিছে ভালবেসে হাওয়ারই বাড়িগুলি
স্বার্থ-গর্বের ফোলানো বেলুনে যেন রংচঙে রঙ্গোলি ।
****************************************
মাথুর দাস, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ
****************************************
No comments:
Post a Comment