Thursday, 5 August 2021

রূপালী মুখোপাধ্যায়--অটুট বন্ধন (রম্য রচনা)

                   



অটুট বন্ধন (রম্য রচনা)

রূপালী মুখোপাধ্যায় 


স্ত্রী ;


অর্ধশতক পার করলাম তোমার সঙ্গে  থেকে  

স্মারক , মালা দাওতো কিছু বিশিষ্টজন ডেকে  ।          

অর্ধশতক পার করাটা মুখের কথা হলো ? 

ঊনিশ বিশ হলে পরেই বড্ড কথা বলো । 


স্বামী ;


আমি  বলি অনেক কথা তুমি বোধহয়  চুপ?    

আমায় তুমি পূজো করো জ্বালিয়ে দিয়ে ধূপ ।

মোচা যখন এনে ছিলাম রূপটা মনে আছে , 

আমি তখন চুপটি ছিলাম দুঃখ পাও পাছে । 


স্ত্রী ;


সে তো আমি বলেছিলাম অভ্যাসেরই বশে , 

মোচাটা তো তুমিই ছাড়াও সন্ধে বেলায় বসে । 

চা টা তবে আমিই করি মোচা ছাড়াও বলে  , 

আমিও একটু হেল্প করে দিই সিরিয়াল না হলে । 


স্বামী ;


আমার বন্ধু কালীপদর বৌটা কত্তো ভালো 

যতই বোকুক কালীপদ মুখ করে না কালো ।

রান্না বান্নাও ভালই করে শুনি  বন্ধুর মুখে , 

দুজনেতে ভালই আছে কাটায় কত্তো  সুখে । 


স্ত্রী ;


যাও না তবে বন্ধুর বাড়ি , খাবে লাঠির ঘা , 

তোমার সাধের বৌদি তখন বলবে বাড়ি যা । 

আঃ মোলো যা বুড়ো বয়সে .ভীমরতি  হলো , 

পরের বৌয়ের প্রশংসাতে সারা জীবন মোল । 


স্বামী ;


গাবুর বৌ তো তোমার জুটি হয়নি বাতের ব্যথা 

অর্ধেক কাজ তো আমিই করি বলিনা কোন কথা।

তাসের আড্ডায় যাই না আমি একলা থাকো বলে , 

অন্য কোন পুরুষ হলে দেখতে,রোজই যেত চলে । 


স্ত্রী ;


আজকে কেন হঠাৎ তুমি যাচ্ছো এমন রেগে ? 

অল্প কিছু বললে পরেই  উঠছ তেড়ে বেগে । 

সুগার টেস্ট করতে হবে পরশু আছে দিন , 

এবার বোধহয় বলবে তোমায় ইনসুলিনটা নিন । 


স্বামী ;


আমার প্রেসার , তোমার ব্যথা দেখাবো একসাথে 

নামগুলো সব লিখিয়ে দিও দেখানো হয় যাতে । 

সুগার আমার ঠিকই আছে খাইনি কোন মিষ্টি , 

কেমন করে খাবো আমি তোমার তো শ্যেন দৃষ্টি


স্ত্রী ;


শ্যেন দৃষ্টি দিই বলেই তো ভালো আছো জানবে 

জীবনে কি কোন দিনও আমার কথা মানবে ? 

আমার কথা সবই খারাপ চিরদিনই বললে 

সারাজীবন যা ভেবেছ তাই তো করেই চললে । 


স্বামী ;


চলতে কোথায় পারলাম গিন্নি তুমিই হলে ধ্যানজ্ঞান 

উল্টো কিছু বললে পরেই শুরু তো হয় ঘ্যান ঘ্যান । 

কোথায় আর পেলাম সুযোগ নিজের কথা বলতে 

মন রাখতে বাধ্য হলাম তোমার পথে চলতে । 


স্ত্রী ;


একটা শাড়ি এনে দেবে এবার বিয়ের দিনে ,  প্রথম বছর দিয়েছিলে একটি শাড়ি কিনে । 

তারপরে তো মনেই নেই বিয়ের তারিখ কোনটা , 

ঘানির মধ্যে ঘুরছি দুজন এক করে এই মনটা । 


স্বামী ;


সবই তোমায় দেওয়াই আছে নেই তো বাকি কিছু 

অকারণে যখন তখন লেগেই থাকো পিছু । 

ঝগড়া ঝাঁটি করে করেই  দিন কাটালাম বেশ , 

একসঙ্গে মরলে হতো দুশ্চিন্তার শেষ  । 



দুর্গাপুর, পশ্চিম বর্ধমান

ফোন নম্বর --9434538413


No comments:

Post a Comment

সম্পাদকীয়

সম্পাদকের কলমে-- কবিতা পত্রিকার সম্পাদনা কি কবিতার ভাষায় হতে হবে ? না, এমনটা নয়, কবিতা বস্তুত আমাদের বঙ্গবাসীর রক্তের মাঝেই রয়ে গেছে। একট...