ইন্দ্রাণী ব্যানার্জীর একগুচ্ছ কবিতা--
১
সুরের বাঁধনে
রুদ্রবীণা বাজিয়ে যাবো
জীবন নদীর ঘাটে ঘাটে।
ফুলেল আসন পেতে যাবো
ছায়াবীথির বাটে বাটে।
সুরের মায়া ছড়িয়ে দেবো
হৃদয় সাগর দুলিয়ে দেবো
সুধামৃত আসবে উঠে
সকল বাধা যাবে টুটে।
বিশ্বজনীন সুরের বাঁধন
কেউ দূরে নয় সবাই আপন।
হাত মিলিয়ে পরস্পরে
বাঁচবো সবাই গানের সুরে
বলেই যাবো জগত সভায়
সবকাছে আজ নয়কো দূরে।
২
কবির ইচ্ছা
একথা সদর্পে প্রচারিত হোক
আমি তোমাদেরি লোক।
জীবন নৌকা বেয়ে
দূরদেশে পাড়ি দিতে চাই।
তুচ্ছ হোক প্রাচীর
হিসাবের টাকা আনা পাই।
মানুষের হৃদয়ভূমি
করে নিতে চাই অধিকার।
অসার জীবনের বোঝা
কে চায় বলো?
এসো মানব।
এসো সখা,প্রিয়,ভাই,বোন
এক ই তরণীর সহযাত্রী
হয়ে থাকি আপনার জন।
৩
প্রেম
এই যে অস্থি মজ্জা
শিরায় শিরায় প্রবাহিত রক্ত
প্রতিদিনের হৃদস্পন্দন
এদের মতো তুমিও
আবহমান তুমি।
কতরূপে নবনব
চেতনায় বিরাজিত।
পরিবর্তনের জোয়ারে
ঘটেনি তোমার পালাবদল।
আজ ও যদি
নিতান্ত অবসরে
তাকাও প্রকৃতির পানে।
হৃদয়সমুদ্র উত্তাল হবে।
হে প্রেম
তোমাকে সুস্বাগতম।
যতবার তুমি আসো
নিজেকে নতুন করি
মেরামত করে নিই
যত ভাঙাচোরা।
তুমি আছো
তাই বাঁচতে চাই
মরণের রূদ্ধগৃহে বসে।
৪
ফিরে আসি
বারবার আমি
ফিরে আসি তোর কাছে।
খুনসুটি চলে
আর চলে আবদার।
তোকে নিয়েই
বড্ড আমার সুখ।
আমার জ্বালাতে
প্রাণ তোর জেরবার।
তোকে নিয়েই
স্বপ্ন দেখি রোজ।
কখন দুঃখ
কখনো শীতলপাটি।
হৃদয় জুড়ে
তোরই আসা যাওয়া
ওইখানে তোকে
চুপটি করে রাখি।
কোনোদিন কেউ
জানবে নাকো আর।
তুই ই আমার
সবথেকে আপনার।
৫
প্রেমবৈচিত্ত্য
আজি ঘনঘোর বরিষাতে
আসিয়াছ প্রিয় ঘরে।
কেতকী কদমে
সাজাবো তোমারে
রাখিব হৃদমাঝারে।
অনেক দিনের
মনে যত আশ
এবার মিটিবে
তাই উচ্ছ্বাস।
এসো এসো প্রিয়
অপলকে দেখি
আসিয়াছ মোর দ্বারে।
জীর্ণ যা কিছু
সতেজে ছুটিবে
দুটি প্রাণ আজ
মিলাবে মিলিবে।
তবুও নয়নে
অবিরত জল
বহিবে অঝোরধারে।
মিলনের দিনে
দুইটি হিয়া
বিচ্ছেদ ভেবে
মরিবে কাঁদিয়া
বরিষার দিনে
কদম্ববন ও
তারি তরে
আকুলিয়া।
No comments:
Post a Comment