শব্দহীন
লুতফুল বারি পান্না
এক হাতে স্বপ্ন, অন্য হাতে গল্প নিয়ে বসেছিলাম
দুচোখে জ্যোৎস্না জ্বেলে তোমার মুখের দিকে
ফিরেছিলাম শব্দহীন তীব্র আনুগত্যে। ফিরিয়ে দিলে
আমার রাতজাগা চোখে আর কোন নদী এসে
ভাঙবে না ছলাৎ শব্দে। তুমি জানতে, জানতে তো।
তবু নৈশব্দের বরফ স্তূপ ভেঙে পড়ল না।
কি এমন ক্ষতি হত বাড়িয়ে দিলে শিউলীময় হাত। কেন
বুঝলে না হাস্নাহনোর মাতাল গন্ধ শুধু
তোমার উঠোনেই আটকে থাকেনা।
মাঝরাতের পথিকও আলগোছে থমকে দাঁড়ায়।
সবাই কি মানুষ হয় বল? কেউ কেউ তো চাঁদের গায়
লেগে থাকা মেঘের কুচিও হয়। শব্দহীন ঝরনা হয়
অবিরাম ঝরে যেতে থাকে। সব শব্দ কি শোনা যায়?
শীতল রাতে যে জ্যোৎস্নার ধারা অবিরল বর্ষণে ক্লান্ত হতে
থাকে- তার তীব্র ঔজ্জ্বল্য না থাক, মায়াময় স্নিগ্ধতা আছে।
কাঁচের স্বপ্ন হয়ে পড়ে আছি বুকের ভেতর। যতই
স্বচ্ছ হোক, উপেক্ষার তীব্রতর শেষ এক আঘাতেই
ভেঙে যায় উপশমহীন।

No comments:
Post a Comment