Thursday, 5 August 2021

তীর্থঙ্কর মৈত্র--ভুলিনি তো

                                 

                                                    
 


                                                                  ভুলিনি তো

--------------------

তীর্থঙ্কর মৈত্র    

  

ভুলিনি তোমাকে নদী, দুই পারে তোমার বসতি। 

জেলে নৌকোর আলো,শরৎ সন্ধ্যার ঘাটে প্রতি

টিমটিম  জ্বলে যেতো---বাঁশের সাঁকো পরে কৈশোর;

বৈরাগীদের বট, বাদুড়ের সংসার নিয়ে 

আবছা আঁধারে ধীরে, শরৎ সন্ধ্যায় মিশে সুখী !  

ছোট ছোট পড়ুয়ারা, ঢুলে ঢুলে পড়া করে যেতো---

কেরোসিন বাতি  জ্বালা, আলো পড়ে 'বর্ণ পরিচয়ে' ;

বাবার শাসন মেশা; তবু ঘুম চুপি এসে চোখে

কখন যে বসতো সে ; কৈশোর স্বপ্ন ডিঙা বেয়ে

নদী বুকে---কেয়া ঝোপ,ওড়াফুল নিয়ে বুকে,

সে নৌকো ফিরতো!  রান্না ঘর থেকে ঘ্রাণ এসে ,

 ডেকে যেতো,কাচা ঘুম, জড়িয়ে মা  বুকে নিয়ে তুলে;

পিঁড়ি পেতে, ভাত বেড়ে, প্রতি রাতে তুলে যে খাওয়াতো! 

ভুলিনি ভুলিনি  নদী, হৃদয়ে সে আলো লাগা ভোর;

স্থলপদ্ম ঝরা জলে সূর্যের প্রতিমা  জেগে থাকা---

কাত হয়ে পড়া গাছ ; জাম ডালে একা সাদা  বক; 

বাঁশের আড়ায় মেলা,লাল শাড়ি আমার মায়ের !


No comments:

Post a Comment

সম্পাদকীয়

সম্পাদকের কলমে-- কবিতা পত্রিকার সম্পাদনা কি কবিতার ভাষায় হতে হবে ? না, এমনটা নয়, কবিতা বস্তুত আমাদের বঙ্গবাসীর রক্তের মাঝেই রয়ে গেছে। একট...