আবার তোমাকে চাই
* ফিরোজ আহমেদ স্বপন
নীলাদ্রি : হ্যালো!
হ্যালো শুনতে পাচ্ছেন ?
নেহাল : হ্যাঁ বলুন । কে আপনি ?
নীলাদ্রি : কবিদেরকে অনেকেই খুঁজে? অটোগ্রাফ বা তাদের একটু কথা পাঠকের অনেক প্রিয়।
নেহাল : ফোন দিয়েছেন কেন ? বলুন ?
নীলাদ্রি : প্রোফাইল আইডি তে ‘ কবি ' নামটি সামাজিক পরিচয়ের জন্য যথেষ্ট । কিন্তু আপনার নিজের পরিচয় ?
নেহাল : কেন ? কি প্রয়োজন ?
নীলাদ্রি : পরিচয় দিতে কোন সমস্যা আছে ?
নেহাল : তা নয়, তবে অপরিচিত কোন মেসেঞ্জারে নক করা ঠিক হলো কি ?
নীলাদ্রি : বেশ ভালো লিখেন আপনি
নেহাল : পোস্টের কমেন্টই যথেষ্ট , এখানে কেন ?
নীলাদ্রি : আপনার আপডেট প্রোফাইল পিকটা বেশ সুন্দর।
নেহাল : অনেকেই বলে
নীলাদ্রি : লেখালেখি ছাড়া আর কি করেন আপনি?
সংসার করেছেন ?
নেহাল : একান্ত ব্যক্তিগত প্রশ্ন।
না করলেই নয় কি ?
নীলাদ্রি : লেখক কবিকে আমি পছন্দ করি।
নেহাল : কবিতাকে পছন্দ করেন না ?
নীলাদ্রি : কবিতার জন্যই তো কবি।
নেহাল : আপনি লিখতে পছন্দ করেন ?
নীলাদ্রি : শুনতে ।
নেহাল : ঠিক আছে , আমি এখন রাখব।
নীলাদ্র : লিখবেন বুঝি ?
নেহাল : লিখতেই বসেছিলাম ।
নীলাদ্রি : অনেক রাত হয়েছে। ঘুমাবেন না?
নেহাল : লিখতে লিখতে যদি ঘুম এসে যায়
নীলাদ্রি : পাশে বসে কেউ ঘুমাতে বলে না ?
নেহাল : আরো এগুচ্ছেন আপনি , আমি এবার রাখছি।
নীলাদ্রি : আবার কখন কথা হবে ?
নেহাল : প্রয়োজন আছে কি?
নীলাদ্রি : আমার কিছু কথা ছিলো
নেহাল : যা বলার চট করে বলে ফেলুন
নীলাদ্রি : কোন রং আপনার পছন্দ ?
নেহাল : ঘটা করে একজন অপরিচিতের কাছে এমন
অদ্ভুত প্রয়োজন আর অদ্ভুত প্রশ্ন এই প্রথম ।
নীলাদ্রি : নীল রং কি আপনার পছন্দ
নেহাল : এক সময় করতাম
নীলাদ্রি : এখন আর নীল রং পছন্দ করেন না ?
নেহাল : আমার আকাশ জুড়ে সন্ধ্যার
লাল আভা ছড়িয়ে আছে।
নীল কে হারিয়ে ফেলেছি ।
নীলাদ্রি : এখন বুঝি খুঁজেন না ?
নেহাল : যে হারিয়ে গন্তব্য খুঁজে সে কি আর ফিরে
আসে ?
ফিরে তাকিয়েই কি লাভ?
নীলাদ্রি : যদি কখনো সমুদ্রের নীল ঢেউ
আপনাকে এসে জড়িয়ে ধরে, খেলতে যাবেন না তাকে নিয়ে ? নীলাভ স্নিগ্ধতা যদি আপনাকে ভিজিয়ে দেয় তাকে ছাড়িয়ে দেবেন কি ? মেনে নেবেন না ?
নেহাল : সমুদ্রে যাবার ইচ্ছে হারিয়ে ফেলেছি ।
অনেক আগেই স্মৃতিগুলোকে
তলিয়ে দিয়েছি ।
নীলাদ্রি : স্মৃতিগুলো হৃদয়ে নাড়া দেয় না ?
নেহাল : ওরকম কিছু এখন আর ভাবি না,
ভেবেই কি লাভ ?
যন্ত্রণা বাড়বে বৈ কমবে না।
নীলাদ্রি : একেবারে কাছ থেকে সমুদ্রের গর্জন শুনেছেন ? ঢেউয়ে ঢেউয়ে ভালোবাসার শব্দগুলো ? জোছনার আলোয় শুভ্র ঢেউয়ে ভালোবাসার শব্দ শুনেছেন কখনো ?
নেহাল : সে অনেক আগের কথা। জোছনা মাখা অপার সৌন্দর্যের অপরূপ ঢেউ দেখতে ছিলাম , একটি শুভ্র নীল হৃদয়ের গভীরতা আবিষ্কার করেছিলাম। শক্ত দুটো হাত এক হয়ে আস্থায় বিশ্বাসের বাসা বেঁধে ছিলাম।
জোয়ারে ভেসে গেল বিশ্বাস, ভাটায় নেমে নিরুদ্দেশ হলো আস্থা।
নীলাদ্রি : অনেক দুঃখ পেয়েছিলেন বুঝি ?
নেহাল : তার সুখের সুখটুকু ভেবেই দুঃখেও আমার সুখ অনুভূত হয়। আমি ধূ ধূ বালুচরে খেলা করি মিছেমিছি।
নীলাদ্রি : আমার খেলাও যে সাঙ্গ হলো গো ।
আমি আবারও সাগরতীরে তোমায় নিয়ে খেলতে চাই। আবারো নতুন করে পুরনো স্মৃতিকে আগলে রাখতে চাই।
নেহাল : কে ? কে বলছেন আপনি ?
নীলাদ্রি : নীলাদ্রি,
তোমার নীলাদ্রি ।
চোরাবালিতে তলিয়ে যাবার ভয়ে আমাকে আগের মতোই আগলে রাখবে না ?
তোমার হৃদয় দিয়ে আমার ভাঙা স্বপ্নগুলো ছুঁয়ে দেবে না ?
নেহাল : এখানেও তুমি তেমন করেই খেললে ?
নিজেকে আড়াল করে হাসনাহেনার
প্রোফাইল ছবিতে সুস্মিতা হলে।
নীলাদ্রী : বিশ্বাস করো,
সবার আড়ালে তোমার কাছে আসবো বলে এমনটি করেছি আমি , ইচ্ছে করে নয়।
আমি তোমার কাছে আবার নীলাদ্রি হয়ে আসতে চাই, তোমার হৃদয়ের কোণে একটু করে ঠাঁই পেতে চাই।
নেহাল : জীবনের এ প্রান্তে এসে স্মৃতিগুলোকে আর কষ্টে জড়িয়ে দিওনা।
নীলাদ্রি : আমার কষ্ট গুলোকে ছুঁয়ে দাও, তোমার দুঃখ গুলোকে সুখের চাদরে ঢেকে দিয়ে প্রায়শ্চিত্ত করব, তোমার স্পর্শে আমি ছন্দময় স্বপ্নে ভাসবো।
নেহাল : তোমার সংসার ? তোমার দীপু?
নীলাদ্রি : বছর দেড়েক পরেই দীপু রোড এক্সিডেন্টে মারা গিয়েছিলো। সংসার আর হল কোথায় ?
নেহাল : এতদিন ?
নীলাদ্রি : সেদিনের পর থেকে সবার অজান্তে
সেই যে তুমি গ্রাম ছেড়ে দিলে, তোমাকে কেউ বলতে পারে না।অনেক করে খুঁজেছি, প্রোফাইলের ভিড়ে কবিতার গন্ধ শুঁকে শুঁকে তোমায় পেয়েছি। আমাকে ফিরিয়ে দিওনা।
নেহাল : ও দিনের কথা মনে পড়ে কি ?
সন্ধে আবছায় চলে যেতে যেতে বলেছিলে
“আমাকে ভাবতে হবে"।
সেই ভাবনার উত্তর পেয়েছি অন্যভাবে।
আমি সইতে পারিনি, তাই সবার অজান্তেই নিরুদ্দেশ হলাম।
নীলাদ্রি : অমন করে বলো না। আমি অনুশোচনায় পিষ্ট হই, নিজেকে বড়ই ছোট মনে হয়।
নেহাল : আঘাত দেওয়ার জন্য বলিনি।
প্রত্যেক কিছুতেই নেগেটিভ পজেটিভ দুটো দিক থাকে।
আমাকে তুমি পজিটিভ ভেবে নিও।
ছাড়ছি আজ।
এখন রেখে দাও।
নীলাদ্রি : আর একটু থাকো ?
নেহাল : ভালো লাগছে না।
নীলাদ্রি : পরে আবার কখন ?
নেহাল : দেখি, সময় করে নেব।
নীলাদ্রি : কবিতা নিয়ে আজ আর দেরি করো না ,ঘুমিয়ে পড়ো।
শরীর খারাপ করবে।
ভালো থেকো তুমি।
************
No comments:
Post a Comment