এক নির্বাক যাপন
---------------------------
গৌরী মৈত্র
আক্ষেপের কোণঠাসা ঘরে টানটান একটা ইজিচেয়ারে
নজরবন্দি কিছু আবেগ, আটক কিছু প্রার্থনা...
সেখানেই সকালের রিংটোন আর বিকেলের রিংটোন
একদম আলাদা- অন্যরকম,
তাই সম্পর্কের ব্যবস্থাপনায় যে মলম দেওয়া হয়,
তার থেকেও যে অসুখ অসুখ গন্ধ ছড়ায়---
তাই সে যখনই পরিত্যক্ত সেই স্টুডিয়োয় যায়,
অস্পষ্ট সব পৃষ্ঠার ভাজগুলি জানলা খুঁজতে থাকে;
অথচ শীলমোহর মারা কিছু প্রথা ছিল,
যে প্রথার নজরকাড়া সভায় এক দীর্ঘশ্বাস
কয়েকটা ধ্বংসস্তূপ ও তার ক্রমিক সংখ্যার থেকে সরে
এক নির্বাক যাপনের দিকে চেয়ে থাকে !
No comments:
Post a Comment