সাবিত্রী দাসের দুটো কবিতা
১
দায়
সাবিত্রী দাসের দুটো কবিতা
পলাশ বনের আগুনের দায় নিয়ে
খেলেছি হে প্রিয় স্নিগ্ধ মধুর খেলা।
বিস্ফোরণের দাপটে যুঝেছি জেনো,
নিষিদ্ধ সুখে কেটে গেছে সারা বেলা।
শিমূলের বনে হয়েছে উতল বায়ু
তোমাতে উতল আমিও তো সারা বেলা।
সমিধ দিয়েছ মহান যজ্ঞে মাতি
হুতাশন সনে মোহন মায়াবী খেলা।
বাঁচিয়ে রেখেছি একক শয্যা তাই
পরশ পাথর ছুঁয়ে দিলে তুমি এসে,
একক সত্ত্বা দ্বৈত্ব সত্ত্বা হয়ে
মৌনমুখর হৃদয়ে রয়েছ মিশে।
অলক্ত-রাগে রাঙা মন নিয়ে আজ
হৃদয়ের বীণা বেঁধেছি মিলন সুরে,
খেয়ালী বিধির অমোঘ বিধান বলে ,
চলে গেছি আজ হাজারো যোজন দূরে।
২
বিকেলে ভোরের ফুল
কি জানি কখন ভেসে গেল মন
মোহনার সাথে মিশে ,
তৃষাতুর বুকে নিবিড় সুখের
সংকেত এল ভেসে।
সময়ের সাথে ভেসেছে সময়
নির্জন আলাপনে,
বিমূর্ত ছবি মূর্ত হলো যে
মর্মমূলের টানে।
বয়ে গেল দিন ভেসে গেল রাত
এক হয়ে দুটি প্রাণ,
সেতারের তারে বেহাগের রাগে
ভুলে যত অভিমান।
অধরে অধরে মিলিত প্রহরে
মোহন তৃপ্ত সুধা,
হত বিহ্বল পুলকে আকুল
নৈবেদ্যের ক্ষুধা।
বুকের গভীরে মোচড়ানো ব্যথা
জেগেছে মর্মমূলে,
নামহীন গানে অন্তিম টান
বিকেলে ভোরের ফুলে।
No comments:
Post a Comment