..
কৌশিক গাঙ্গুলীর একগুচ্ছ কবিতা --
১
"দর্পনে একা "
লেখা যাবে সেই
জীবনের কথা , যে জীবন
অনেকের কাছে অজানা ।
টাকার কাছে , ক্ষমতার কাছে
বিক্রি হয়না যে বিবেক ,
রক্তে ভেজা পথকে জড়িয়ে
যার পথচলা , মানুষের
কথা বলা , আত্মসমর্পন
শুধু ভালবাসার কাছে ,
তার কান্নায় হৃদয় ভেজেনা
মুখোশধারীদের , বড় একা সে
অসহায় সে , তবু কেনা যাবে
না তাকে , মরে যাবে অবহেলায় ,
নিঃসঙ্গতায় , সমাজ তাকে
মর্যাদা দেবে না , পরিবার
তাকে বুঝবেনা তবু সে লিখে
যাবে যুগ যন্ত্রনার কথা
সাদা পাতায় ।
@ কৌশিক গাঙ্গুলী ।
"শব্দগুলো "-
রাস্তা দিয়ে হাঁটার ভেতরে স্পর্ধা
থাকে কবির , স্বপ্নের ভেতরে প্রেম
তবু যেকথা অনেকে বলেনা সেই
কথা লেখা হয় সাদা পাতায়
জীবন্ত শব্দগুলো নাড়িয়ে দেয় সমাজকে ।
এই তো চলমান জীবন আমাদের
একজন বিখ্যাত ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম ‘বারবার পুরস্কৃত কিভাবে ?’
স্মিত হেসে পিঠ চাপড়ে বললেন, ‘অনেক আপোষের শৃংখল গেঁথে,
একজন সেব়া লম্পটকে জিজ্ঞাসা করলাম তার লাম্পট্যের উৎস কি?
চমৎকাব়ভাবে জানাল; জহুরী জহর চেনে, সে চেনে নেশা ও নারী,
একজন রাজনীতিককে জিজ্ঞাসা করলাম; এত বার দল পাল্টান কি করে?
তিনি কপাল কুঁচকে মুখে হাসি এনে বাণী দিলেন; চোখে কম দেখি যে…
সংখ্যাগরিষ্ঠ যুবসমাজকে জিজ্ঞাসা করি; এভাবে ধ্বংস করো কেন সমাজকে?
কিছুটা হুল্লোড় ও সিটি সমেত জানালো; শুধু বুঝি কেরিয়াব় অথবা অন্ধকার।
একদল ব্যতিব্যস্ত শিশুদের জিজ্ঞাসা করলাম; ফার্স্ট হবেতো সব্বাই?
নানা দিক থেকে ছিটকে এলো উত্তর-মা জানে, বাবা জানে,
পরীক্ষার খাতা জানে........
এই ভাবেই বেঁচে থাকা, এই তো চলমান জীবন আমাদের।।
৪
"জীর্ণ পাতা "
শূণ্য থেকে শূণ্যে অনবরত ঘাই মারছে শেয়ার আর শেয়ার প্রতারিত ও হতাশ বুদ্ধুরা কমন্ডুলে ঢালছিল মদ ঢ্যামনা সমাজ তাদের জটিল লালায় আঁকছিল ধনবানদের ছবি ঝা চকচকে গাড়ি ,হীরের নেকলেশ , নোটভর্তি ব্রিফকেস শ্রেনীসচেতনতা ক্রমশঃ প্রাচীন ইতিহাসের জীর্ন পাতা কোন এক অন্ধকারে অচেনার মতন বসে আছে ইশ্বর ! আজ কাকতাড়ুয়াদের কাজ নেই ভয়ঙ্কর পঙ্গপালদের উদর ভর্তি তাতে দেদার ফূর্তি মদের বদলে রক্ত , গাছের বদলে ক্যাকটাস আর নৌকাবিলাস সত্য এখন বেশ্যাখানায় , জেলখানার গারদে গারদে , জ্বলন্ত চুল্লীতে হাততালি একগাদা হাততালির মধ্যে আমরা পরস্পরের দিকে জিভ ভেঙচিয়ে বলছি ভাল আছি । @ কৌশিক গাঙ্গুলী ।
বেঁচে থাকার মহড়া দিতে দিতে একদিন আমরা শ্রেষ্ঠ কাপুরুষ যোদ্ধা হয়ে উঠবো , যতরকম ধান্দাবাজি বুঝে স্বার্থপরতার মেডেল বুকের মাঝে আটকে যৌনতার জয়ধ্বনি দিতে দিতে একশো আটটা নিমপাতা দান করবো সততাকে । একদিন সব প্রকার ধূর্তরা খাবি খেতে খেতে এমন ঢেকুর তুলবে যে নারদও লজ্জা পাবে .., একদিন সমস্ত দুনম্বরীরা একসাথে পাপ নদীতে চান করতে করতে আহ্বলাদে হুটোপুটি ও কামড়াকামড়ি এবং কিছুটা চাটাচাটি সমেত খুঁজে পেয়েছিল অরাজকতা । তারপর একদিন আমরা বোকার মতন সব মুখগুলোর মুখোশ ও আচরণের ভড়ং সমেত হারিয়ে গেলাম এ গলি থেকে অন্য চোরাগলিতে , এদিকে ধীরে ধীরে কুয়াশা ,কালো ধোঁয়ারা অন্ধকার করে দখল নিচ্ছে মানুষের বিবেক আর বোধ । - কৌশিক গাঙ্গুলি ।
No comments:
Post a Comment